বুধবার (৩ জুন) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার চিতলমারী বাজারের বোয়ালিয়া ভ্যানস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রিপন মন্ডল উপজেলার চরকুড়ালতলা গ্রামের মৃত নিখিল চন্দ্র মন্ডলের ছেলে। হামলায় আহত অন্যরা হলেন রিপনের মা চারুলতা মন্ডল (৬০), ভাই নিপুণ মন্ডল (৪০) এবং প্রতিষ্ঠানের কর্মচারী সৌমেন মজুমদার (২৭)। সৌমেন উপজেলার হালিশহর গ্রামের স্বপন মজুমদারের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ থেকে ২০ জনের একটি দল হঠাৎ করে রিপন মন্ডলের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে তাকে দোকান থেকে টেনে বাইরে নিয়ে গিয়ে হামলা চালানো হয়। হামলাকারীদের হাতে হাতুড়িসহ দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে।
আহত নিপুণ মন্ডল জানান, হামলাকারীরা রিপনকে উদ্দেশ্য করে বলেন, “তোর বাপ ফোন দিয়েছিল, ফোন ধরিস না কেন?” এরপর তারা রিপনকে এলোপাতাড়িভাবে মারধর করে। হামলায় রিপন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রিপনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় সেদিন ব্যাংকে জমা দেওয়ার জন্য বাড়ি থেকে অতিরিক্ত নগদ টাকা আনা হয়েছিল। এছাড়া ব্যবসার বিক্রয়লব্ধ অর্থও দোকানের ক্যাশে ছিল। হামলাকারীরা ওই নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার বিষয়টি জেনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হামলার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :