কলাপাড়ার মিঠাগঞ্জে খাল খননের উদ্যোগ


স্টাফ রিপোর্টার,কলাপাড়া। প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
কলাপাড়ার মিঠাগঞ্জে খাল খননের উদ্যোগ

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে স্বনির্ভর খাল খনন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে খালের প্রাথমিক এলাকা নির্ধারণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হামিদ।

রবিবার (৭ জুন ২০২৬) সকালে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় খাল খননের সম্ভাব্য স্থান, প্রয়োজনীয়তা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান খান, সহকারী পরিচালক, সিপিপি এবং মোঃ মোকছেদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), কলাপাড়া উপজেলা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এছাড়াও মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, খালটি খনন করা হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি নিষ্কাশনের সুবিধা এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণের অংশগ্রহণে স্বনির্ভর খাল খনন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার কৃষি, মৎস্যসম্পদ ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু হয়ে মিঠাগঞ্জ ইউনিয়নের দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধান হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।