কালীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক আটক


ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
কালীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক আটক
ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আফতাব হোসেন(৫৮) নামে এক পল্লী চিকিৎসককে গ্রামের বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয় এবং ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
অভিযুক্ত আফতাব হোসেন উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত হাজের আলীর ঘর জামাই। হাজের আলীর মেয়েকে বিয়ে করে তিনি প্রায় ৩৫ বছর ওই গ্রামে বসবাস করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: জেল্লাল হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তির মনোহরপুর গ্রামের বাজারে পল্লী চিকিৎসাকেন্দ্র আছে। গ্রামের বাড়িতেও তিনি ওষুধ রাখেন। আজ(শনিবার) বিকালে ভুক্তভোগী শিশুটি তার দাদির জন্য ওষুধ আনতে যায়। এই সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড়বৃষ্টির মধ্যে শিশুটিকে একাপেয়ে ধর্ষণের চেষ্টা করে আফতাব হোসেন। আফতাব হোসেন আপত্তিকর স্পর্শ করলে বাইরে  তার বাবা দাঁড়িয়ে আছে বলে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। সে বাড়ি গিয়ে পরিবারের লোকজনের কাছে ঘটনা খুলে বলে। এই ঘটনা জানতে পেরে পরিবারের লোকজন ও স্থানীয়রা অভিযুক্তকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে থানা পুলিশ। গ্রামের লোকজন অভিযুক্তের বিষয়ে আগেও যৌন সংশ্লিষ্ট অভিযোগ ছিল বলে জানিয়েছে।
তিনি বলেন, এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্তকে রবিবার আদালতে পাঠানো হবে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: মো: আরিফুল ইসলাম ভুক্তভোগীকে ধর্ষণ চেষ্টার প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা নার্স ও আয়াদের দিয়ে পরীক্ষা করেছি। মেয়েটির কাউন্সেলিং করেছি। ভেজানাল সোয়াব নমুনা নেওয়ার জন্য ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছি ভুক্তভোগীকে।