ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দুটি অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ভোর ও দুপুরে উপজেলার ত্রিলোচনপুর ও নিয়ামতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক, চুরি ও বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বালিয়াডাঙ্গা (পূর্ব) গ্রামের বাসিন্দা মো. নাজমুল হোসেন (২৫) নামে এক যুবককে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
একই দিন দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের গোয়ালবাড়ীয়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. ওহিদুল ইসলাম (৩৬)কে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি নিয়ামতপুর (গোয়ালবাড়ী) গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ অভিযান আরও জোরদার করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।
মাদকবিরোধী চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :