
ব্রাজিলকে ১৯৭০ সালের ফিফা বিশ্বকাপ জয়ে অনন্য অবদান রাখা কিংবদন্তি সেন্ট্রাল ব্যাক ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে নিউমোনিয়াজনিত জটিলতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সেই সঙ্গে বৃহস্পতিবার (১১ জুন) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
১৯৬৪ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় ব্রিতোর। ১৯৬৬ সালের বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে একটি ম্যাচে মাঠে নামলেও আন্তর্জাতিক অঙ্গনে প্রকৃত পরিচিতি পান ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে। কোচ মারিও জাগালোর নেতৃত্বে ‘দ্য বিউটিফুল টিম’ খ্যাত ব্রাজিল দলের হয়ে শিরোপা জয়ের পথে প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট খেলেছিলেন তিনি। রক্ষণভাগে তার দৃঢ় উপস্থিতি দলটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পেলে, জাইরজিনহো, তোস্তাঁও ও কার্লোস আলবার্তোদের নিয়ে গড়া ইতিহাসের অন্যতম সেরা সেই দলের সদস্য ছিলেন ব্রিতো। তার মৃত্যুতে ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের প্রয়াত সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে। এর আগে এভারালদো, ফন্টানা, ফেলিক্স, জোয়েল কামার্গো, কার্লোস আলবার্তো এবং ফুটবল সম্রাট পেলে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।
ব্রিতোর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ফুটবলাঙ্গনে। ব্রাজিলের স্বর্ণালী যুগের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার তার দৃঢ় রক্ষণ, নেতৃত্বগুণ এবং বিশ্বকাপজয়ী অবদানের জন্য ফুটবলপ্রেমীদের স্মৃতিতে চিরকাল অমলিন হয়ে থাকবেন।
আপনার মতামত লিখুন :