
দিন যত ঘনিয়ে আসছে পৌরসভা নির্বাচন, ততই জমে উঠছে রাজনৈতিক আলোচনা। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা লিফলেট, ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটিয়ে এবং গণসংযোগের মাধ্যমে নিজেদের পরিচিত করছেন ভোটারদের কাছে। শহর থেকে গ্রাম, পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রচার চালাচ্ছেন তারা। একই সঙ্গে ভোটাররাও করছেন নানা হিসাব-নিকাশ।
অনেক ভোটারের অভিযোগ, নির্বাচন এলেই প্রার্থীরা কাছে আসেন, কিন্তু ভোট শেষ হলে তাদের আর খোঁজ পাওয়া যায় না। তবে এ প্রচলিত ধারণা বদলাতে চান কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ইব্রাহীম আলী।
তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের কথা শুনছেন। এভাবে তিনি দিন দিন সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন। স্থানীয়দের মতে, মানুষের দোরগোড়ায় গিয়ে যেভাবে তিনি যোগাযোগ রক্ষা করছেন, তাতে একসময় নাগেশ্বরী পৌরসভায় তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবেন।
স্থানীয়দের অনেকেই মনে করেন, উপজেলায় দীর্ঘদিনের বিভাজনের রাজনীতি থেকে উত্তরণে ইব্রাহীম আলী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। জানা গেছে, তিনি ইতোমধ্যে উভয় পক্ষকে একত্রিত করতে বিভিন্ন সভা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।
ব্যক্তিগত জীবনেও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এর মাধ্যমে তিনি মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়দের ধারণা।
শিক্ষাজীবনে ইব্রাহীম আলী ১৯৮৮ সালে পঞ্চম শ্রেণির ট্যালেন্টপুল বৃত্তি পরীক্ষায় কুড়িগ্রাম জেলায় প্রথম স্থান অধিকার করেন। পরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি সোনাহাট ডিগ্রি কলেজে শিক্ষকতা করছেন।
কর্মজীবনের পাশাপাশি তিনি কবিতা, গল্প, নাটক ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আছেন।
সাংগঠনিক কর্মকাণ্ডেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। একটি ওষুধ কোম্পানিতে কর্মরত থাকাকালে তিনি ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৬ সাল থেকে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) নাগেশ্বরী উপশাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংগঠনটির নির্বাচিত সভাপতি।
ইব্রাহীম আলী জানান, মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য থেকেই তিনি নাগেশ্বরী পৌরসভায় প্রথমবারের মতো টিসিবির ট্রাকসেল কার্যক্রম চালুর উদ্যোগ নেন। তার নেতৃত্বে কুড়িগ্রাম-১ উন্নয়ন কমিটির ব্যানারে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়।
তিনি আরও জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বর্তমানে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মেয়র নির্বাচিত হলে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সেবার উন্নয়নের মাধ্যমে নাগেশ্বরী পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করতে চান তিনি। এছাড়া দীর্ঘদিন ধরে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের উন্নয়নে সহযোগিতা করে আসছেন বলেও জানান।
ইব্রাহীম আলীর ভাষ্য, অন্যায়, অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে নাগেশ্বরী পৌরসভাকে নতুনভাবে সাজাতে চান তিনি।
আপনার মতামত লিখুন :