ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন


নাজমুল হাসান নিরব, ফরিদপুর : প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে উল্টে যাওয়া একটি ডিমবাহী ট্রাক থেকে সড়কে ছড়িয়ে পড়া ডিম কুড়াতে গিয়ে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালকও রয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়কে অন্তত ছয়টি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ডিমবাহী ট্রাক সোয়াদী এলাকায় পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ট্রাকে থাকা বিপুল পরিমাণ ডিম সড়কে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছড়িয়ে থাকা ডিম সংগ্রহ এবং দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর কাজে এগিয়ে আসেন। এ সময় ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশও উদ্ধারকাজে অংশ নেয়।

এরই মধ্যে ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে উল্টে থাকা ট্রাক এবং সড়কে থাকা লোকজনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)। অপর দুইজনের একজন ডিমবাহী ট্রাকের চালক। নিহত ও আহতদের অধিকাংশই সোয়াদী ও আশপাশ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলগী ইউনিয়নের সোয়াদী এলাকার বাসিন্দা শুভ চক্রবর্তী বলেন, “ডিম কুড়াতে অনেক মানুষ সড়কে নেমেছিলেন। ঠিক তখনই দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস এসে তাদের চাপা দিয়ে চলে যায়। মুহূর্তেই ঘটনাস্থলে প্রাণহানির ঘটনা ঘটে।”

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, “হাসপাতালে আহত ছয়জনকে আনা হয়। তাদের মধ্যে একজন মারা যান। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চারজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।”

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে অন্তত ছয়টি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নির্ধারণে তদন্ত চলছে।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১