‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই শ্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলায় দেশীয় মৌসুমি ফলের উৎপাদন ও ভোক্তাদের মাঝে নিরাপদ ফল খাওয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিার (২৮ জুন) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ওই মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ওই মেলার স্টলে আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারস, কলা, পেঁপে, মাল্টা, ড্রাগন ফলসহ দেশীয় ও বিদেশি নানা জাতের ফল প্রদর্শন করা হয়।
মেলায় স্থানীয় কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জালাল উদ্দিন ফকির, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রিস আলী, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, বন কর্মকর্তা মো. মনিরুল হক, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহামান, ইসলামী আন্দোলন আমতলী পৌর শাখার সভাপতি মো. কামরুজ্জামান, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. মহসীন মাতুব্বর, সাংবাদিক মো. আবু জিয়াদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণে দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বাড়ানোর কোনো বিকল্প নেই। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদনের আহ্বান জানান।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল জানান, ফল চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারের বিভিন্ন প্রণোদনা ও কারিগরি সহায়তার ফলে নতুন নতুন ফলের বাগান গড়ে উঠছে। এ ধরনের মেলা কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন জাতের ফল ঘুরে দেখেন এবং ফল চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নেন।
আপনার মতামত লিখুন :