ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় কলেজছাত্র রায়হানের মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হয়রানি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
(গত ৩ মার্চ) জমিজমা বিরোধ এবং পুকুরে মাছ চুরিকে কেন্দ্র করে কলেজছাত্র রায়হানের পরিবার ও আমাদের সাথে একটি মারামারি হয়ছে, আমাদের লোকজন আহত হয়েছে । কিন্তু সে মারধরের কারণে মারা যায়নি রায়হান , তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে দক্ষিণ আইচা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রায়হানের চাচী ছকিনা বেগম ও চাচা মো. নুরুল ইসলাম। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তারা বলেন, চরমানিকা ইউনিয়নের উত্তর চরমানিকা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজ্জাক মীরের ছেলে রায়হান ২০২৫ সালে ক্যান্সারে আক্রান্ত হন। এরপর তিনি দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ মে ২০২৬ তিনি মৃত্যুবরণ করেন। রায়হানের মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে রায়হানের পরিবারের সদস্যরা আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যে পারিবারিক বিরোধের জেরে মারধরের কারণে রায়হানের মৃত্যু হয়েছে।
তারা আরও বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ধরনের অপপ্রচারের কারণে আমরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি। আমাদের কাছে রায়হানের চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ রয়েছে। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানাচ্ছি।
এদিকে রায়হানের বড় ভাই শাহাবুদ্দিন বলেন, জমিজমা বিরোধ এবং পুকুরে মাছ চুরিকে কেন্দ্র করে চাচা-চাচি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে পারিবারিকভাবে একটি মারামারির ঘটনা ঘটেছিল। ঘটনার পর রায়হান ক্যান্সারে আক্রান্ত হন,পরে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়।