জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসান। তাকে যুবদলের মূল কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়েছে
​জাহিদ হাসান কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড নিশ্চিন্তপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছোট ছেলে। এর আগে তিনি কেন্দ্রীয় যুবদলের বিগত কমিটিতেও দক্ষতার সাথে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মকাণ্ডে তার অসামান্য অবদান ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ এবারের মূল কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলো। জাহিদ হাসান কেন্দ্রীয় যুবদলের পদ পাওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী এবং এলাকাবাসী।
​ছাত্ররাজনীতি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব
​জাহিদ হাসানের রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল ছাত্রজীবন থেকেই। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা ১৯৯২ সালে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
​উচ্চশিক্ষার জন্য ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও ছাত্রদলের  রাজনীতিতে সক্রিয় থাকেন। সেখানে ১৯৯৬ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন।
​এরপর ছাত্রদলে দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের মূল্যায়ন হিসেবে পরবর্তীতে তাকে কেন্দ্রীয় যুবদলের বিগত কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
​ঢাকায় ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় রাজনীতি করার পাশাপাশি জাহিদ হাসান স্থানীয় রাজনীতিতেও সমানভাবে সক্রিয়।
তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন। এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী পৌরসভা নির্বাচনে তিনি কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
​এদিকে কেন্দ্রীয় যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় জাহিদ হাসান তাঁর রাজনৈতিক পথচলায় দলের সর্বস্তরের নেতাকর্মী, সহকর্মী ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।