পটুয়াখালীর কুয়াকাটায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (১৪ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তাজেপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মো. রুবেল হাওলাদার (৩২) ও মো. বাবুল মৃধা (৪৯)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল জানতে পারে যে, তাজেপাড়া এলাকায় মাদকের একটি চালান লেনদেন হতে যাচ্ছে। তথ্যের সত্যতা যাচাই করতে পুলিশ সদস্যরা সেখানে অবস্থান নেন।
এসময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তারা পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পটুয়াখালী জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কুয়াকাটাসহ জেলার সর্বত্র মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।