দিনাজপুরের ঘোড়াঘাটে দেশীয় ফলের বৈচিত্র্য তুলে ধরা ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় ফল মেলা। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী এ মেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মেলায় আম, কাঁঠাল, লিচু, লটকন, তরমুজ, পেঁপে, আনারসসহ মৌসুমি দেশীয় ফলের পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে উৎপাদিত উন্নত জাতের ফল প্রদর্শিত হয়। একই সঙ্গে কৃষিপণ্যের পরিচিতি ও ফলভিত্তিক উদ্যোক্তা বিকাশের বিভিন্ন দিকও তুলে ধরা হয়।
কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলার কৃষকদের অংশগ্রহণে ফল চাষের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। সকাল থেকেই দর্শনার্থীদের ভিড়ে মেলা প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
বিসমিল্লাহির নার্সারীর মালিক ও উদ্যোক্তা জাহাঙ্গীর বলেন, ফল চাষ ও সম্প্রসারণের মাধ্যমে কৃষি খাতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।
ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল উৎপাদন ও গ্রহণ বাড়ানো জরুরি। দেশীয় ফলের বহুমুখী ব্যবহার ও বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে হবে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন বলেন, এ ধরনের আয়োজন কৃষক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন তৈরি করে দেশীয় ফল শিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।