কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের সখিপুর থানার বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় ব্যাপক পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে। রবিবার (২১ জুন) দুপুরে ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ’ নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ৪১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের ছবি ব্যবহার করা হয়েছে।
পোস্টারগুলোতে লেখা রয়েছে, “মানুষের পাশে আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। লাখো শহীদের বাংলাদেশ, আমরাই ভালো রাখবো।”
এ ব্যাপারে সখিপুর থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।
SK24