উজানের ঢল ও বৃষ্টিপাতে কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে । রবিবার (২৮ জুন ) সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ নদীর পানি মাত্র তিন সেন্টিমিটার বৃদ্ধি পেলেও দুপুর থেকে দ্রুত বাড়তে থাকে পানি । ১২ টা থেকে ৩ টা পর্যন্ত মাত্র ৩ ঘন্টায় দুধকুমারের পানি বৃদ্ধি পায় ৩২ সেন্টিমিটার ।বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ঘন্টায় পানি বৃদ্ধি পায় ২৪ সেন্টিমিটার। এছাড়াও সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ৩ ঘণ্টায় বৃদ্ধি পায় ৯ সেন্টিমিটার। এতে এ নদীর পানি সমতলে ২৯ দশমিক ৫৮ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে । এসময় এ নদীর পানি বিপদসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।
পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তি নিম্নাঞ্চলে পানি প্বপ্রবেশ করেছে । এতে ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙ্গা, ছিট পাইকেরছড়া, চর বলদিয়া, নাগেশ্বরী উপজেলার চরবিষ্ণুপুর,বালাবাড়ি, লুছনি , ফান্দর চর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এসব এলাকার বাড়ি ঘরে পানি প্রবেশ না করলেও ক্ষেত খামার ডুবে গেছে । বাড়ির আশেপাশে পানি উঠায় যোগযোগ ব্যবস্থায় দূর্ভোগ সৃষ্টি হয়েছে মানুষের।পাইকের ছড়া এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক জানান দুপুর থেকে দ্রুত পানি বাড়ছে দুধকুমার নদীর পানি। এতে পাইকের ছড়া , পাইকডাঙ্গা গ্রামসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে ।
অপরদিকে তিস্তা, ব্রহ্মপুত্রের পানিও ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে ।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী তিনদিন কুড়িগ্রামের সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে । এ সময়ে নদনদীর পানি সতর্কসীমায় বা বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে আবারো প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল ও চরাঞ্চল।
কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, উজানের ঢলে দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। অন্যান্য নদনদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে । বন্যা পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘন্পাটায় পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে ।