দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বরাতিপুর গ্রামে বাড়ির পেছনে চারাগাছে পানি দিতে গিয়ে ডোবার পানিতে ডুবে সাজ্জাদ হোসেন মারুফ (১৪) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ উপজেলার বরাতিপুর গ্রামের মুদি ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে। তিনি স্থানীয় সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, আগের দিন বাড়ির পেছনে কয়েকটি চারাগাছ রোপণ করেছিলেন মারুফের বাবা। বুধবার সকালে একটি বদনা নিয়ে ডোবা থেকে পানি তুলে চারাগাছে দিতে যায় মারুফ। এ সময় অসতর্কতাবশত পা পিছলে ডোবায় পড়ে যায় সে।
পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল ৯টার দিকে ডোবার পানিতে তাকে উপুড় হয়ে ভাসতে দেখে উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মারুফকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারাগাছে পানি দিতে গিয়ে পা পিছলে ডোবায় পড়ে মারুফের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।