বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিন পরে কিশোর আসাদুল (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) ১১টার দিকে বঙ্গোপসাগরের মোহনায় শুভসন্ধ্যা সৈকতের দক্ষিণ-পশ্চিম প্রান্তে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে নৌ পুলিশ ও তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মো. মুসা মিয়ার ছেলে। তিনি একটি মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ভগ্নিপতি ও সমবয়সী আরো তিন বন্ধুকে নিয়ে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে যায় নিহত আসাদুল। একপর্যায়ে তারা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমুদ্রে গোসল করতে নামে। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগরের প্রবল স্রোত থাকায় সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও প্রবল স্রোতে আসাদুল পানিতে তলিয়ে নিখোঁজ হন।
ঘটনার পর নৌ পুলিশ, তালতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজ আসাদুলকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজের তিন দিন পর আজকে (শুক্রবার) বেলা ১১টার দিকে ভাসমান অবস্থায় ওই সৈকত থেকেই তার মরদেহ উদ্ধার হয়।
তালতলী নিদ্রা ছকিনা নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জিয়াউল ইসলাম জানান, শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আসাদুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তালতলী থানায় নেওয়া হবে। পরিবারের কোনো আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।