শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. আতিকুর রহমান। শনিবার সকালে ঝিনাইদহ শিশু একাডেমীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘দ্বায়িত্বশীল সম্মেলন’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০২৩ সালে শিল্পখাতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরী সাড়ে ১২ হাজার টাকা করা হয়। তখন থেকেই আমরা বলেছি শ্রমিকদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমরা তখন থেকেই দাবী করে আসছি কমপক্ষে ৩০ হাজার টাকা মজুরী নির্ধারণ করতে হবে। বাংলাদেশে দ্রব্যমুল্যের যে উর্দ্ধগতি, মুল্যস্ফীতি তাকে এই বেতনে একটি পরিবার চলা সম্ভব নয়। এছাড়াও ওই পরিবারের সন্তানদের লেখাপড়া, চিকিৎসার খরচ বহন করা কোন ভাবেই সম্ভব না। তাই আমাদের দাবী সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করা হোক।
বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের সাথে বৈষম্যহীন আচরন করতে হবে জানিয়ে আতিকুর রহমান বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার শ্লোগানে ২৪শে যে বিপ্লব টা হয়েছে এদেশের শ্রমিকরা যেন সেই বৈষম্য থেকে মুক্ত হয়, তাদের অধিকার, তাদের মজুরী, তাদের জীবনযাত্রার মানসহ তারা যেন সমাজে ভালোভাবে চলতে পারে সরকার যেন সেই ব্যবস্থা করেন। সেই সাথে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা ও তাদের  বাধ্যতামুলক রেশনিং ব্যবস্থা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান আতিকুর রহমান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি হারুন-উর-রশীদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ: সাধারণ সম্পাদক ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আক্তারুজ্জামান, ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। সম্মেলনে ঝিনাইদহের ৬ টি উপজেলা ও ৬৭ টি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।