টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির পূর্বনির্ধারিত সব ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে পৌর বিএনপির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌর বিএনপির আওতাধীন ৯টি ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ গত ৭ জুলাই শুরু হয়ে আগামী ২৪ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কয়েক দিনের টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে নেতাকর্মীদের যাতায়াত এবং সম্মেলনের সার্বিক প্রস্তুতি ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলফাডাঙ্গা  পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব এক যৌথ বিবৃতিতে বলেন, “বৈরী আবহাওয়ার কারণে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বিঘ্ন ঘটতে পারে। তাই সবার নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার স্বার্থে আপাতত সম্মেলনগুলো স্থগিত করা হয়েছে। আলোচনা সাপেক্ষে খুব শিগগিরই নতুন তারিখ ও সময়সূচি ঘোষণা করা হবে।”

সাময়িক এ সিদ্ধান্তে সৃষ্ট অসুবিধার জন্য পৌর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মী ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।