আসন্ন চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় উঠে এসেছে সখিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সমাজসেবক ও ব্যবসায়ী আহমুদুর রহমান সম্রাট মোল্লার নাম।
সম্রাট মোল্লা শরীয়তপুর জেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য এবং শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সম্রাট মোল্লা দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় রয়েছেন।
স্থানীয় সূত্রের দাবি, নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন। পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে অংশগ্রহণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন।
পারিবারিক ঐতিহ্যের দিক থেকেও সম্রাট মোল্লার পরিচিতি রয়েছে। তাঁর প্রয়াত দাদা মরহুম হাজী মকবুল হোসেন মোল্লা চরকুমারিয়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি টানা ২৬ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং তৎকালীন জেলা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার মতে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উদ্যোগের কারণে সম্রাট মোল্লা এলাকায় একটি পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে তাঁকে নিয়েও আলোচনা চলছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য, তৃণমূল পর্যায়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সামাজিক সম্পৃক্ততার কারণে তাঁর অবস্থান দৃশ্যমান হয়েছে। তবে নির্বাচনে প্রকৃত জনসমর্থনের প্রতিফলন ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে।
এ বিষয়ে আহমুদুর রহমান সম্রাট মোল্লা বলেন, “জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমি চরকুমারিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণ দায়িত্ব দেওয়ার সুযোগ দিলে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”
SK24