পটুয়াখালীর বাউফলে প্রায় ৪শ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. জিহাদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশে । মঙ্গলবার ( ১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিহাদ মমিনপুর গ্রামের হারুন মৃধার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে  মমিনপুর এলাকায় মাদক কারবার করে আসছিলেন।  জিহাদের কাছে মাদকের চালন এসেছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা জিহাদকে অবরুদ্ধ করে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে জিহাদের কাছ থেকে ৩শ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মো. আল মামুন বলেন, গতরাতে জিহাদের কাছে ইয়াবার চালান এসেছে এমন একটি খবর এলাকায় জড়িয়ে পড়ে। সকালে গ্রাম পুলিশসহ এলাকাবাসী জিহাদকে তার ফুফু স্থানীয় মহিলা ইউপি সদস্য মোসা. রোকেয়া বেগমের বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে মাদক সহ উদ্ধার করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।