খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসইউজে)।

বুধবার (১৫ জুলাই) এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসইউজে)’র সভাপতি, দৈনিক হুংকার নির্বাহী সম্পাদক এম. হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক, দৈনিক দিনকাল শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন শাওন।

জানাগেছে, মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে খুলনা নগরীর জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে সাংবাদিকদের আড্ডাস্থলে মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে গুলি চালায়। সৌভাগ্যক্রমে গুলিটি তার শরীরে না লেগে একটি বসার টুলে আঘাত হানে। ফলে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে উপস্থিত সাংবাদিকরা অল্পের জন্য রক্ষা পান। এ সময় ঘটনাস্থলে দৈনিক আমাদের সময়ের খুলনা প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির রানা, স্টার নিউজের প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলসহ আরও কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।

নেতৃদ্বয় বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলার চেষ্টা স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরাপদ সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসইউজে) অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসইউজে)।

SK24