বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, বর্ষীয়ান সাংবাদিক মাহাবুব আলম বাবু-র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) এবং সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন পেশাদার সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং সংবিধানপ্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন করে পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করার এ ধরনের অপচেষ্টা কোনো গণতান্ত্রিক ও সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক মাহাবুব আলম বাবু-র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে সাংবাদিক মাহাবুব আলম বাবু জানান, মুন্সীগঞ্জের এক চিহ্নিত হুন্ডি ব্যবসায়ীর দায়ের করা মিথ্যা মামলার কারণে তিনি গত ২২ দিন ধরে আত্মগোপনে রয়েছেন। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন এবং নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
জানা গেছে, মাহাবুব আলম বাবু দৈনিক আমাদের সময়, আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি, দৈনিক দেশ বাংলা, দৈনিক জনতা এবং Daily Our Time-সহ একাধিক জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি দৈনিক আজকের দুর্নীতি পত্রিকার মুন্সীগঞ্জ জেলা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।