শরীয়তপুরে সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক (পাঞ্জাবি) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলার আঙ্গারিয়ায় সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের কার্যালয়ে ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন পাঞ্জাবি তুলে দেন তিনি। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক বিশ্বনাথ রায়, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শেখ মোহাম্মদ ইয়াসিন শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে খাবার খান।
সমাজসেবক শেখ মোহাম্মদ ইয়াসিন বলেন, “সমাজের প্রতিটি মানুষই সমান মর্যাদা ও ভালোবাসা পাওয়ার অধিকার রাখে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা আমাদেরই সন্তান। তাদের মুখে হাসি ফোটাতে এবং তাদের পাশে থাকার সামান্য প্রয়াস থেকেই এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।”
প্রতিষ্ঠানের শিক্ষক বিশ্বনাথ রায় বলেন, “এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং অনুকরণীয়। শিক্ষার্থীদের প্রতি শেখ মোহাম্মদ ইয়াসিনের আন্তরিকতা ও মানবিকতা আমাদের মুগ্ধ করেছে। আমরা তাঁর এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, “নতুন পোশাক পেয়ে আমরা খুবই খুশি। আমাদের কথা ভেবে যে উপহার দিয়েছেন, তার জন্য আমরা শেখ ইয়াসিন স্যারের প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন এবং একসঙ্গে খাবার খেয়েছেন, যা আমাদের জন্য অনেক আনন্দের।”
স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। শেখ মোহাম্মদ ইয়াসিনের এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।”
SK24