শরীয়তপুরের নড়িয়া উপজেলার নবনির্মিত ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন নিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নড়িয়া উপজেলা বিএনপি।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতাল ভবনের মূল নির্মাণকাজ শেষ হলেও কিছু গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক কাজ এখনও চলমান রয়েছে। এ কারণে নির্মাণকারী প্রতিষ্ঠান এখনো স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি হস্তান্তর করেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণ-এর উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় অবশিষ্ট কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ জুলাই ২০২৬-এর মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে হাসপাতালটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এরপর স্বাস্থ্য বিভাগ উদ্বোধন ও চিকিৎসাসেবা চালুর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

নড়িয়া উপজেলা বিএনপি আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় হাসপাতালটি আগস্ট ২০২৬-এর প্রথম সপ্তাহেই সাধারণ মানুষের চিকিৎসাসেবার জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মো. সামছুল আলম দাদন মুন্সী এবং সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল স্বাক্ষর করেন।

 

SK24