বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে সম্প্রতি শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন গোল্লাছুট ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত হলো এক জাঁকজমকপূর্ণ বার্ষিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মেধা বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

এবারের আয়োজনে কণ্ঠশিল্পী, শিক্ষক ও আইনজীবী তাহসিন খানকে শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘শিল্প ও সাহিত্য সম্মাননা-২০২৬’-এ ভূষিত করা হয়েছে। জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি, কণ্ঠশিল্পী তাহসিন খান-এর হাতে এই মর্যাদাপূর্ণ ‘শিল্প ও সাহিত্য সম্মাননা-২০২৬’ তুলে দেন।

একই মঞ্চে সম্মাননা লাভ করেন দেশের কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি এবং বিশিষ্ট সেতারবাদক ও শিক্ষাবিদ প্রফেসর রীনাত ফওজিয়া।

অনুষ্ঠানে তাহসিন খানের একক কণ্ঠের পরিবেশনা ও ছিল।দুটি গানের কথা ও সুর করেছেন অনুষ্ঠানের আরেক অতিথি ও তাহসিন খানের মাতা, বিশিষ্ট সেতারবাদক ও শিক্ষাবিদ প্রফেসর রীনাত ফওজিয়া। আইন পেশা ও সংগীতের মেলবন্ধনের পাশাপাশি মা ও ছেলের এই শৈল্পিক যৌথ প্রয়াসটি অনুষ্ঠানটিতে এক আবেগঘন ও ভিন্ন মাত্রা যোগ করে।

সম্মাননা প্রাপ্তি ও গান পরিবেশনার পর কণ্ঠশিল্পী তাহসিন খান বলেন, “একদিকে আইন পেশা ও শিক্ষকতা, অন্যদিকে গানের ভুবন—এই দুই বিপরীতমুখী সত্তাকে একসাথে এগিয়ে নেওয়া বেশ চ্যালেঞ্জিং। গোল্লাছুট ফাউন্ডেশনের এই স্বীকৃতি আমার পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, “গোল্লাছুট ফাউন্ডেশনের জন্য রইল অনেক শুভকামনা।

আশা করি, শিশু-কিশোরদের মেধা বিকাশ ও সুস্থ সংস্কৃতি চর্চার এই চমৎকার ধারা তারা ভবিষ্যতেও ধরে রাখবে এবং সামনে আরও বড় পরিসরে এমন সুন্দর আয়োজন অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে ‘গোল্লাছুট সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন তাহসিন খানসহ উপস্থিত অন্যান্য গুণী অতিথিবৃন্দ। মেধার মূল্যায়ন আর গুণীজনদের ভালোবাসায় মুখরিত এই আয়োজনটি উপস্থিত দর্শক ও সুধীজনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।