
কক্সবাজারে তিন দিনব্যাপী আয়োজিত “চিত্রচিন্তা আলোকচিত্র উৎসব ২০২৬” সফলভাবে সমাপ্ত হয়েছে। আলোকচিত্র সংগঠন চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল-এর উদ্যোগে ১২, ১৩ ও ১৪ জুন অনুষ্ঠিত এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ২৭ জন আলোকচিত্রী অংশগ্রহণ করেন।
উৎসব চলাকালে অংশগ্রহণকারীরা রামু, নাজিরারটেক, ইনানী, শামলাপুর, জাহাজপুরা, টেকনাফ ও শাহপরীর দ্বীপসহ কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফটোওয়াকে অংশ নেন। প্রকৃতি, সংস্কৃতি, জীবনযাপন, সমুদ্র উপকূল ও স্থানীয় জনগোষ্ঠীর নানা অনুষঙ্গ তারা ক্যামেরাবন্দি করেন।
প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সেমিনার, কর্মশালা, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক আয়োজন ও সৌহার্দ্যপূর্ণ আড্ডা।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল “চিত্রচিন্তা আলোকচিত্র উৎসব ও প্রাসঙ্গিক ভাবনা” শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও আলোকচিত্রী আহমেদ রাসেল। আলোকচিত্রে কম্পোজিশন বিষয়ক কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট আলোকচিত্রী প্রতাপ শেখর মোহন্ত।
হোটেল গ্রেস কক্স স্মার্ট রিসোর্ট-এর সেমিনার কক্ষে আলোকচিত্রী কাউছার হানিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যক্ষ মকবুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মানিক বৈরাগী। বক্তারা আলোকচিত্রকে সময়, সমাজ ও মানুষের জীবনের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করেন এবং সৃজনশীল ও দায়িত্বশীল আলোকচর্চার ওপর গুরুত্বারোপ করেন।
উৎসবে নবীন আলোকচিত্রীদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ, অভিজ্ঞ আলোকচিত্রীদের সঙ্গে মতবিনিময় এবং সমসাময়িক আলোকচর্চা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা এ আয়োজনকে বাংলাদেশের আলোকচিত্রচর্চার জন্য একটি ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
উৎসবের আহ্বায়ক ও চিত্রচিন্তার প্রচার সম্পাদক আলোকচিত্রী মনসুরুল আজম বলেন, “চিত্রচিন্তার প্রথম আলোকচিত্র উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের উৎসাহ ও সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। এই উৎসবে ধারণকৃত আলোকচিত্র নিয়ে আগামীতে একটি বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হবে।”
চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল মনে করে, এ ধরনের আয়োজন দেশের আলোকচিত্রচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নবীন ও প্রবীণ আলোকচিত্রীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতার আদান-প্রদানের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সংগঠনটি ভবিষ্যতেও আলোকচর্চার বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
আপনার মতামত লিখুন :