
শরীয়তপুরের ডামুড্যায় এস্কেভেটর দিয়ে উর্বর কৃষিজমি বিনষ্ট ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে কারাদণ্ড এবং এক ইউপি সদস্যকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এস্কেভেটরের মাধ্যমে উর্বর কৃষিজমি কেটে বিনষ্ট করা এবং এলজিইডির গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে শফিক মাদবর, ইব্রাহিম মেম্বার ও সোহেল বেপারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে অভিযুক্ত শফিক মাদবর কৃষিজমি বিনষ্টের অভিযোগ এবং ইব্রাহিম মেম্বার এস্কেভেটর সরবরাহের অভিযোগ স্বীকার করেন।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় শফিক মাদবরকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আইনে ইব্রাহিম মেম্বারকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে অভিযুক্ত সোহেল বেপারীকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
মোবাইল কোর্টে ডামুড্যা থানার একজন পুলিশ কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানানো হয়, উর্বর কৃষিজমি বিনষ্ট করা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি ও সরকারি অবকাঠামো রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :