দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কীটনাশকের গ্যাস ট্যাবলেট সেবন করে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নজরুল ইসলাম উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তোষাই জোড়গাড়ি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার শেষে সবার অগোচরে তিনি কীটনাশকের গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, নজরুল ইসলাম প্রায় আড়াই বছর আগে হঠাৎ করে তার শরীরের বাম পাশ অবশ হয়ে যায়। এরপর থেকে তিনি শারীরিকভাবে অনেকটাই অসহায় হয়ে পড়েন এবং চলাফেরায় অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এতে মানসিকভাবে ভেঙে পড়ার মতো পরিস্থিতিও তৈরি হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :