দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গভীর রাতে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির চেষ্টা গৃহস্থের চিৎকারে ব্যর্থ হয়েছে। এ সময় স্থানীয় লোকজন দুই যুবককে আটক করে। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি বৃহস্পতিবার (২ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে ঘটে।
গ্রেপ্তার দুজন হলেন একই গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নূর ইসলাম তাঁর বসতবাড়ির ছাপড়া ঘরে তিনটি গরু বেঁধে রেখে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অভিযুক্তরা গোয়ালঘরে ঢুকে গরুগুলো খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শব্দ পেয়ে নূর ইসলামের ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নূর ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :