ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রাম থেকে ইয়াবাসহ নাজমুল হাসান ওরফে নাহিদ হাসান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বংকিরা পুলিশ ক্যাম্পের সদস্যরা গ্রামের চাতরের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমুল হাসান সাধুহাটী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বংকিরা পূর্বপাড়ার সাইকেল মেকানিক ওসমান আলীর ছেলে বলে পুলিশ জানায়।
বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নাজমুল হাসান দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলে ইয়াবা বিক্রি করে আসছিল। সে চাতরের মাঠে একটি খুপরি ঘর তৈরি করে সেখানে ইয়াবার আখড়া গড়ে তোলে।
সেখান থেকে বিভিন্ন গ্রামে মাদক সরবরাহ করা হতো। দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা চাতরের মাঠে এসে মাদক কিনে নিয়ে যেতো বলে পুলিশের কাছে খবর ছিল। বিকেলে দুর্গম মাঠে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের নাম স্বীকার করেছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত নাজমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। বংকিরা ও আশপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :