মাদক বিরোধী অভিযানে স্থানীয় গণমাধ্যমকর্মিদের সহ সকলের সহযোগিতা ও গঠনমুলক পরামর্শ চান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)জেল্লাল হোসেন।
বুধবার বেলা ১১ টায় ঝিনাইদহের কালীগঞ্জ থানাতে মাদক প্রতিরোধ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। ওসি বলেন, মাদক নির্মূলে থানা পুলিশ বদ্ধপরিকর। ঝিনাইদহ জেলাতে সদ্য যোগদানকারী পুলিশ সুপার মহোদ্বেয়ের ঘোষনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে হবে।
প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ওসি জেল্লাল হোসেন বলেন, একটি মহল পুলিশের ধারাবাহিক মাদক বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
ওসি জেল্লাল হোসেন জানান,থানায় যোগদানের পর গত ডিসেম্বর ২০২৫ থেকে চলতি বছরের ১৪ জুন পর্যন্ত মোট ৪১টি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪ দশমিক ৪৬৫ কেজি গাঁজা, ১ হাজার ৩৭২ পিস ইয়াবা, ১৪০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৯ বোতল ফেন্সিডিল এবং ১ হাজার মিলিলিটার চোলাই মদ। অন্যদিকে, জিডি মূলে উদ্ধার করা হয়েছে, ২৪ বোতল ফেন্সিডিল এবং যৌথ অভিযানে আরও ৩২৪ বোতল ফেন্সিডিলসহ দুটি বড় ট্রাক ও একটি মোটরসাইকেল। এছাড়া যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে চারটি ওয়ান শুটার গান, দুটি কার্তুজ, একটি একনলা বন্দুক, একটি রিভলভার এবং চারটি ককটেল। নিয়মিত মামলায়, অভিযানে ৯টি উচ্চ সিসির মোটরসাইকেল, একটি বড় ট্রাক্টর, একটি রূপসা বাস, এবং ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ছাড়াও নগদ টাকা, স্বর্ণালংকার, ইউরিয়া সার, জাল নোট, ল্যাপটপ, ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে। অপরদিকে আলোচিত ঘটনার মধ্যে গত কয়েক মাসের ব্যবধানে উপজেলাতে সংঘঠিত স্পর্শকাতর ঘটনা তিনটি শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ দ্রুততম সময়ে আসামীদের আটকে সক্ষম হয়েছেন।
ওসি আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী অভিযানে তিনি গনমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :