তালতলীতে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু!


হায়াতুজ্জামান মিরাজ,আমতলী প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
তালতলীতে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু!
বরগুনার তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি-২০০০ ব্যাচের উদ্যোগে আয়োজিত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই খোকন কর্মকার (৪০) নামে এক আর্জেন্টিনার সমর্থক  স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ্য হয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা অনুশীলনে অংশ নেন। ওই সময় হঠাৎ খোকন কর্মকার মাঠেই অসুস্থ্য হয়ে লুটিয়ে পড়েন। উপস্থিত খেলোয়াড় ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত খোকন কর্মকার উপজেলার মালিপাড়া এলাকার বাসিন্দা দিলীপ কর্মকারের ছেলে।
ঘটনার আকস্মিকতায় মাঠে উপস্থিত খেলোয়াড়, সমর্থক ও আয়োজকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার পর আয়োজকরা নির্ধারিত প্রীতি ফুটবল ম্যাচটি স্থগিত ঘোষণা করেন।
খেলার আয়োজন এইচএসসি-২০০০ ব্যাচের বন্ধুরা বলেন, খোকন আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন। সবাই মিলে আনন্দঘন পরিবেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম। কিন্তু এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
খোকনের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, খেলা শুরুর আগে আমরা সবাই একসঙ্গে অনুশীলন করছিলাম। হঠাৎ করেই খোকন অসুস্থ্য হয়ে মাঠে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী দাস সানী বলেন, হাসপাতালে আনার পূর্বেই খোকন কর্মকারের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকেরা প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগে
খোকন কর্মকার নামে এক আর্জেন্টিনা সমর্থক স্ট্রোক করে মারা গেছে।
আর্জেন্টিনার সমর্থক খোকন কর্মকারের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু, স্বজন ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১