
শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ মোহাম্মদ ইয়াসিনের উদ্যোগে তিন শতাধিক এতিম শিশুর মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে শরীয়তপুর সরকারি শিশু সদন, উসমানিয়া কওমিয়া আরাবিয়া মাদরাসার লিল্লাহ বোর্ডিং এবং পিকেএস একাডেমীর শিশু শিক্ষার্থীদের মাঝে এসব ফল বিতরণ করা হয়। বিতরণকৃত মৌসুমি ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল ও কলা।
এ সময় শরীয়তপুর সরকারি শিশু সদনের কর্মচারী আব্দুল মান্নান বলেন, “শেখ মোহাম্মদ ইয়াসিন একজন মানবিক ও সমাজসেবামূলক কাজে নিবেদিত মানুষ। তিনি বিভিন্ন সময়ে এতিম শিশুদের জন্য নানা ধরনের উপহার ও সহায়তা প্রদান করে থাকেন। সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি তাঁর মতো এগিয়ে আসেন, তাহলে এতিম শিশুরা নিজেদের অসহায় মনে করবে না। তারা অনুভব করবে, সমাজে তাদেরও আপনজন রয়েছে।”
শেখ মোহাম্মদ ইয়াসিন বলেন, “এতিম শিশুরা আমাদেরই সন্তান ও আপনজন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমি আমার সামর্থ্য অনুযায়ী অতীতেও তাদের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব। সমাজের সামর্থ্যবান মানুষদেরও এদের কল্যাণে এগিয়ে আসা উচিত। সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কোনো এতিমই নিজেকে একা মনে করবে না।”
স্থানীয়রা জানান, শেখ মোহাম্মদ ইয়াসিন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। তাঁর এ উদ্যোগ এতিম শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিয়েছে এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
SK24
আপনার মতামত লিখুন :