
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস-২০২৬ উপলক্ষে “বৈশ্বিক মাদক সমস্যা: বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সাড়া” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহ ইউনিয়নের চন্দনী এলাকায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও টেকসই সমাজ পুনর্গঠন আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি চন্দনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চন্দনী এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মাহমুদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ যদি মাদকের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালন করেন, তাহলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আসুন, সবাই মাদককে ‘না’ বলি এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।”
সভাপতির বক্তব্যে মো. মাহমুদুল হক বলেন, “মাদকমুক্ত, নিরাপদ ও টেকসই সমাজ গঠনে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। তরুণদের খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। আমার প্রত্যাশা, সমাজের প্রতিটি স্তরে এ ধরনের মাদকবিরোধী সচেতন মহল গড়ে উঠুক এবং আমাদের সন্তানরা এই মরণনেশা থেকে দূরে থাকুক।”
এ সময় উপস্থিত ছিলেন মো. শামীম আহমেদ মোল্লা, মাওলানা নাসিরুদ্দিন, মো. ইমদাদুল হক, মো. জাকারিয়া, মো. শাহাজাহান মোল্লা, মো. মিলন মোল্লা, মো. ইলিয়াস মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালনের উদ্দেশ্য শুধু একটি দিবস উদযাপন নয়; বরং বছরজুড়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা। এ লক্ষ্যে সমাজের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করেন এবং মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
SK24
আপনার মতামত লিখুন :