আব্রাহাম আলম নবীন বয়স মাত্র ১৪ বছর, বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলেকে পবিত্র কোরআনের হাফেজ বানাবেন। স্বপ্ন পূরণ করতে ছেলেকে বছরখানেক আগে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করান তারা। কায়দা ও আমপারা শেখার পর মাত্র একবছর ৩ মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে ১৪ বছর বয়সী নবীন।
আব্রাহাম আলম নবীন চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে (রূপনগর) গ্রামের সাংবাদিক রুবেল আশরাফুলের ছেলে এবং পূর্বএওয়াজপুর মজিদিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ নুরুল ইসলাম মাস্টারের নাতি। সে এওয়াজপুর এলাকার শামসুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। ইতোমধ্যে গত রোববার মাদ্রাসা কর্তৃপক্ষ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পবিত্র কোরআনের হাফেজ হিসেবে তাকে পাগড়ি পড়িয়ে দিয়েছে। তার অর্জনে খুশি বাবা ও তার পরিবারের সদস্যরা। আনন্দিত শিক্ষকেরাও।
শিশুটির শিক্ষক হাফেজ মাওলানা ইসরাফিল জানান, নবীন খুবই মেধাবী ও উদ্যমী। প্রায় এক বছর আগে তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়। এরপর কায়দা, আমপারা শেষ করে ছয় মাসেই কোরআনের হিফজ সম্পন্ন করে। তার এমন অর্জনে তাঁরা খুবই খুশি। মহান আল্লাহ তাকে অনেক বড় আলেম হিসেবে কবুল করুক, সেই দোয়া করেন তিনি।
মাদ্রাসার পরিচালক মাওলানা মো. রিয়াজুল ইসলাম দৈনিক এদিনকে বলেন, নবীন আমাদের ছাত্র। শুরু থেকে খুবই মেধাবী। সঠিকভাবে গড়ে তোলা গেলে একদিন বড় আলেম হবে। নবীন ও বাবার ইচ্ছা পূরণ করতে পেরে খুবই খুশি।
শিশুটির বাবা রুবেল আশরাফুল বলেন, ‘মহান আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছেন। স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানানোর। তাই ছেলেকে মাদ্রাসায় দিয়েছিলাম। মাত্র ১ বছরে ছেলেটা আমার স্বপ্ন পূরণ করেছে। তার এই অর্জনে পরিবারের সবাই খুশি। আমি আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই।’
আপনার মতামত লিখুন :